বর্ষার আগেই জলাবদ্ধতা মোকাবিলায় মাঠে কেসিসি প্রশাসক মঞ্জু


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষা করতে মাঠপর্যায়ে সক্রিয় হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ১২ এপ্রিল রবিবার সকাল থেকে তিনি নগরীর দৌলতপুর বাজারসহ আশপাশের বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি দৌলতপুর বাজার সংলগ্ন নদী, পাইকারী কাঁচা বাজার, পাবলা কারিকর পাড়া ড্রেন, বিজিবি অফিস সংলগ্ন ড্রেন এবং ক্ষুদে খালের পানি প্রবাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক বলেন, “নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত শহর উপহার দিতে বর্ষার আগেই কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও স্যানিটেশন আধুনিকায়নেও জোর দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, বাজার পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা হবে এবং বাজার সংস্কার ও নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।
এ সময় তিনি ফুটপাথ দখলমুক্ত রাখতে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, যাতে জনসাধারণ নির্বিঘ্নে চলাচল করতে পারে।
পরিদর্শনকালে কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিচুজ্জামান, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





