নওগাঁ

নওগাঁয় নারী মাদক কারবারি গ্রেফতার, ৪৩ পিচ ইয়াবা উদ্ধার

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের নুনিয়াপট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে রানী বাসফোর (২৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল ২০২৬) জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শহরের খাস নওগাঁ কাঁচাবাজার সংলগ্ন সুইপার কলোনী এলাকায় এক নারী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত নারী পালানোর চেষ্টা করে। পরে নারী পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশির এক পর্যায়ে তার হেফাজত থেকে পলিথিনে মোড়ানো ৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রানী বাসফোর সুইপার কলোনীর বাসিন্দা এবং বাবু বাসফোরের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার স্বামী বাবু বাসফোর প্রতি পিচ ইয়াবা ২৫০ টাকা দরে বিক্রির জন্য তাকে সরবরাহ করেছিলেন।

এছাড়া জানা গেছে, রানী বাসফোর নওগাঁ বিসিকে প্রায় এক বছর ধরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তার স্বামী বাবু বাসফোরও দীর্ঘ ২০-২২ বছর ধরে পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ