খুলনায় তেল পাম্পে অনিয়মে মোবাইল কোর্ট, জরিমানা আদায়


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২৯ মার্চ রবিবার জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন, খুলনার উদ্যোগে একাধিক মোবাইল কোর্ট অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান হাসান, দীপেন সাধক রনি এবং প্রিয়াঙ্কা রাণী কুন্ডু-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশন ও অয়েল পাম্পসমূহ পরিদর্শন করা হয়।
অভিযানকালে দৌলতপুর থানাধীন সুলতানা ফিলিং স্টেশনে তেলের মজুদ, সংরক্ষণ রেজিস্টার ও ট্যাংকে সংরক্ষিত তেলের পরিমাণ যাচাই করা হয় এবং বিক্রয় ও মজুদে অসঙ্গতি পাওয়া যায়। এছাড়া খুলনা মহানগরের গল্লামারী হতে জিরোপয়েন্ট হয়ে আড়ংঘাটা পর্যন্ত বিভিন্ন ফিলিং স্টেশন ও অয়েল পাম্পে অভিযান পরিচালনা করে তেলের মজুদ ও স্টক রেজিস্টার যাচাই করা হয়, যেখানে আকন ফিলিং স্টেশনে মাপে কম প্রদান করার প্রমাণ পাওয়া যায়।
উক্ত অপরাধসমূহে সুলতানা ফিলিং স্টেশনকে ৩,০০০/- (তিন হাজার) টাকা এবং আকন ফিলিং স্টেশনকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়; সর্বমোট ৩৩,০০০/- (তেত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
এছাড়া পাম্পসমূহে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও সঠিক বিতরণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসন, খুলনার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে ।



