খুলনা

খুলনায় চোরের উপদ্রব বৃদ্ধি; বাড়ছে জননিরাপত্তা শঙ্কা

খুলনা ব্যুরো : খুলনা নগরে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বাসাবাড়ি, গণমাধ্যম কার্যালয় থেকে শুরু করে খুলনা প্রেসক্লাব—কোথাও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

খুলনা নগরীর দৌলতপুরের দক্ষিণ পাবলা এলাকায় অন্তত তিন সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা ও মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার কারণে ভুক্তভোগীরা থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি করা সত্বেও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা।

সস্প্রতি তারের পুকুর এলাকায় একটি স্থানীয় পত্রিকার কার্যালয়ে চোরেরা বিদ্যুতের মিটারের তার কেটে দেয়, ফলে সাময়িকভাবে কার্যক্রম ব্যাহত হয়। একই কার্যালয় থেকে এর আগে ওয়াসার মিটারও চুরি হয়েছিল। আশপাশের এলাকাতেও ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। সিসিটিভি ফুটেজ দেওয়ার পরও একটি বাসা থেকে চুরি যাওয়া সাইকেলের কোনো হদিস মেলেনি।

এর আগে দোলখোলা এলাকায় এক বাসায় নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও জানালার গ্রিল কেটে চুরি হয়। ঘটনার কয়েক মাস পেরিয়ে গেলেও কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা যায়নি। গত ডিসেম্বরেও খুলনা প্রেসক্লাবে চুরির ঘটনায় ৩০ হাজার টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, ধারাবাহিক চুরির ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা আরও সাহস পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল জোরদার, নজরদারি বাড়ানো এবং দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এই বিভাগের আরও সংবাদ