রাজশাহী

তৃণমূলের আস্থায় উঠে আসা তাহেরপুর বিএনপির পরিচ্ছন্ন মুখ আব্দুল আলিম বাবু

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু একজন ক্লিন ইমেজের পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পৌরবাসীর মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি স্থানীয় রাজনীতিতে একজন আস্থাভাজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিএনপি পরিবারে জন্ম হওয়ায় ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন আব্দুল আলিম বাবু। ১৯৯৮ সালে তাহেরপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০০৩ সালে সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৯ সালে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাহেরপুর পৌর যুবদলের সভাপতি নির্বাচিত হয়ে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেন।

এরপর ২০১৬ সালে জেলা বিএনপির অনুমোদনে তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০২৩ সালে প্রত্যক্ষ ভোটে পুনরায় একই পদে নির্বাচিত হয়ে অদ্যাবধি সাংগঠনিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশে থেকে সক্রিয় ভূমিকা রাখছেন।
সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে তাকে নানা হয়রানি ও মামলার সম্মুখীন হতে হয়েছে বলে জানা গেছে। ১৯৯৯ সালে একটি মামলায় জড়ানো হয় তাকে। ২০০৬ সালে গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ডের ঘটনায় তাকে গ্রেফতার করা হয় এবং তিন মাস দশ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান।

এছাড়াও ২০১৪ সালে বাগমারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে পৃথক দুটি মামলায় জেল হাজতে পাঠায়। পরবর্তীতে চার মাস পাঁচ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্ত হন।

২০২৩ সালের ১৪ মার্চ তাহেরপুর হরিতলা মোড়ে প্রকাশ্যে তার ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জেরে এ হামলা সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে, যার কারণে তিনি এক পর্যায়ে আত্মগোপনে যেতে বাধ্য হন। তবুও আড়ালে থেকেও তিনি দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন। বর্তমানে তরুণ নেতা হিসেবে তাহেরপুর পৌরসভা ও আশপাশের এলাকায় তার পরিচিতি বেড়েছে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের আশা, ভবিষ্যতে দল তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে মূল্যায়ন করবে।

এ বিষয়ে আব্দুল আলিম বাবু বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছি। ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তৃণমূলের মানুষের জন্য কাজ করে যাবো।

এই বিভাগের আরও সংবাদ