সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ সহ বড় জাহাঙ্গীর বাহিনীর এক ডাকাত আটক


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে অস্ত্র গোলাবারুদ সহ বড় জাহাঙ্গীর বাহিনীর ১ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩ মার্চ) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্মকর্তা লেঃ কমান্ডার জামিলুর রহমান এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, কোস্ট গার্ড বেইস মোংলা, আউটপোস্ট নলিয়ান, স্টেশন কয়রা এবং পুলিশের সমন্বয়ে কয়রা থানাধীন নারায়নপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৩ মার্চ) ভোরে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে সুন্দরবনের ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদার (৩২) কে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সকাল ১১টায় মোংলা থানাধীন পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি শট গান, ১টি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। নির্বাচন পরবর্তী সময়ে কোস্ট গার্ডের নেতৃত্বে সুন্দরবনে যৌথ অভিযান শুরু হলে উক্ত ডাকাত সদস্য আতঙ্কিত হয়ে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসমূহ উক্ত এলাকায় পুঁতে রেখে কয়রার নারায়ণপুর এলাকায় আত্মগোপন করে বলে জানা যায়। পরে আটককৃত ডাকাত আফজাল সরদার (৩২) খুলনার কয়রা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ বড় জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। এই ডাকাত সদস্যের বিরুদ্ধে কয়রা ও ডুমুরিয়া থানায় মোট ৫টি মামলা রয়েছে বলে জানা যায়।
আটককৃত ডাকাত এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।





