খুলনা

দৌলতপুরের শতবর্ষী বিএল কলেজের আট প্রাক্তন এবার জাতীয় সংসদে

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর দৌলতপুরে অবস্থিত, দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, সরকারি ব্রজলাল (বি,এল) কলেজের আট প্রাক্তন শিক্ষার্থী সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসন থেকে বিজয়ী হয়ে সংসদে যাচ্ছেন। খুলনা বিভাগের একাধিক আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে তাঁদের এ জয় কলেজটির জন্য গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।
খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল ৭৮ হাজার ৮৪৫ ভোট পেয়ে জয়ী হন। খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল পান ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট। খুলনা-৫ আসনে আলী আসগর লবি ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে বিজয়ী হন।

খুলনা-২ আসনে জামায়াতের শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল ৯৩ হাজার ৭৮৯ ভোটে জয়ী হন। নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম পান ৯৯ হাজার ৯৭৫ ভোট। নড়াইল-২ আসনে আতাউর রহমান বাচ্চু ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা-৪ আসনে জি এম নজরুল ইসলাম পান ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট।

এ ছাড়া বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে জয়ী হয়ে দীর্ঘদিন পর আসনটি বিএনপির ঘরে তোলেন।

শিক্ষার্থীদের এমন সাফল্যে কলেজ–সংশ্লিষ্টদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। শতবর্ষের বেশি সময় ধরে দক্ষিণাঞ্চলের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রতিষ্ঠানের প্রাক্তনদের সংসদে উপস্থিতি নতুন এক মাত্রা যোগ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও সংবাদ