সুন্দরবন রক্ষায় পৃথক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : সুন্দরবন রক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি আবারও জোরালো হয়েছে। ১৪ ফেব্রুয়ারী শনিবার সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত দিনব্যাপী কর্মসূচি থেকে পরিবেশকর্মী, উপকূলীয় বাসিন্দা ও তরুণেরা এ দাবি জানান।
উপকূলঘেঁষা বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ও ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যস্থল সুন্দরবন রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ জরুরি। এ জন্য একটি স্বতন্ত্র ‘সুন্দরবন মন্ত্রণালয়’ গঠন সময়ের দাবি। পাশাপাশি সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচির আয়োজন করে সুন্দরবন দিবস উদ্যাপন কমিটি। এতে Sundarbans Foundation, Bangladesh Environmental Lawyers Association (BELA), Breaking the Silence, HEAD, CODEC, Faith in Action, ALRD, প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চসহ বিভিন্ন পরিবেশ ও অধিকারভিত্তিক সংগঠন অংশ নেয়।
শ্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ের কাছে সুন্দরবন ও খোলপেটুয়া নদীর তীরে মানববন্ধন ও বর্ণাঢ্য নৌ–র্যালি অনুষ্ঠিত হয়। নীলডুমুর ঘাটে আয়োজিত সমাবেশে বননির্ভর মানুষের জীবিকায় উন্নয়ন, জীববৈচিত্র্য সুরক্ষা জোরদার এবং বনকর্মীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও লজিস্টিক সহায়তা বাড়ানোর দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলকে রক্ষা করতে সুন্দরবন প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষের জীবিকা ও নিরাপত্তা এ বনের ওপর নির্ভরশীল। তাই সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন—এই তিনকে সমন্বিতভাবে এগিয়ে নিতে আলাদা মন্ত্রণালয় গঠন অপরিহার্য।
নতুন সরকার দীর্ঘদিনের এ দাবি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।





