রাজশাহী

রাবি পোষ্য কোটা ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের অবস্থান ধর্মঘট

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শুরু হয় কর্মসূচি। চলে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষকদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ক্লাস। তবে চালু রয়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষা।

এই বিভাগের আরও সংবাদ

প্রফেসর আব্দুল আলিম বলেন—আজ টানা তিন দিন ধরে আমরা কর্মসূচি পালন করছি। এ সময়ের মধ্যে আমরা ক্লাস বর্জন করেছি। তবে শিক্ষার্থীদের বৃহৎ স্বার্থে পরীক্ষা ও বিভাগের কিছু জরুরি কার্যক্রম কর্মসূচির বাইরে রেখেছি। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন করে কিছু প্রাতিষ্ঠানিক সুবিধা চালু করা হয়েছে। আমরাও চাইছিলাম, আমাদের প্রশাসন একইভাবে তা চালু করুক। কিছুক্ষণ আগে মাননীয় উপাচার্য আমাকে মেসেজ করেছেন এবং আমাদের সঙ্গে বসতে আগ্রহ প্রকাশ করেছেন। যদিও তিনি এখনো সময় জানাননি। আমরা উপাচার্যের সঙ্গে বসে যদি কোনো ফলপ্রসূ সমাধানে পৌঁছাতে পারি, তবে ভালোই হবে। কিন্তু যদি তা না হয়, তাহলে আগামীকাল থেকে আমরা পূর্ণ কর্মবিরতি ও ধর্মঘট পালন করব।

রাবি অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন,আজ আমাদের কর্মবিরতি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। সেদিন সকল ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এটি আমাদের যৌক্তিক ও ন্যায্য দাবি যে, যদি সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান থাকে, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও কোনো বিচ্ছিন্ন প্রতিষ্ঠান নয়। আমরা কেন সেই অধিকার থেকে বঞ্চিত হব? প্রশাসনকে এ বিষয়ে জবাব দিতেই হবে, নতুবা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে।

তিনি আরো বলেন, ছাত্রদের স্বার্থের কথা বিবেচনা করে আমরা পরীক্ষা, বিদ্যুৎ, পানি, পরিবহন ও চিকিৎসা– এসব জরুরি সেবা কর্মসূচির বাইরে রেখেছি। আমাদের চলমান কর্মসূচি আগামীকাল পূর্ণদিবস পালন করা হবে। এরপরও যদি প্রশাসনের টনক না নড়ে, তাহলে আমাদের নির্বাহী কমিটি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এই বিভাগের আরও সংবাদ