চোরাকারবারীদের ধাওয়ার সময় মোটরসাইকেল দূর্ঘটনায় বিজিবি সদস্য নিহত


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের বেনাপোল সীমান্তে চোরাকারবারীদের ধাওয়া করার সময় দুর্ঘটনার কবলে পড়ে এক বিজিবি সদস্য নিহত হয়েছে।এ সময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার(১১ মার্চ) রাত ৯টার দিকে সীমান্তের বারোপোতা-পুটখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক (২৮) এবং আহত হয়েছেন হাবিলদার দেলোয়ার হোসেন (৩৮)। তারা দুজনই খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্য।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নিয়মিত টহলদল মোটরসাইকেল যোগে চোরাচালানীদের ধাওয়া করে। চোরাচালানীরা পুটখালী সীমান্ত থেকে মালামাল নিয়ে বারোপোতা বাজারের দিকে যাচ্ছিল। ধাওয়ার একপর্যায়ে দ্রুতগতির কারণে বিজিবির মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খায়, এতে দুই বিজিবি সদস্য গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন।এ সময় গুরুতর আহত হাবিলদার দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সুভেন্দু বিশ্বাস জানান, আহত দুই বিজিবি সদস্যকে হাসপাতালে আনার পর সিপাহী মোজাম্মেল হককে মৃত ঘোষণা করা হয়। হাবিলদার দেলোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।





