ঘোড়াঘাটে আমন রোপনে ব্যস্ত কৃষক


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মাঠে মাঠে আমন রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ জমি থেকে ধানের চারা তুলছেন, কেউ ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন, কেউ আবার শ্রমিক দিয়ে জমিতে চারা রোপন করছেন।
সেচ উৎপাদন খরচ কমলেও কীটনাশক ডিজেল ও শ্রমিক মজুরী নিয়ে দুশ্চিন্তায় কৃষক। অধিক ফসল ঘরে তুলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে পরিশ্রম করছেন কৃষক, যেন ক্লান্তি নেই। এক একর জমিতে ৩০ হাজার টাকা খরচ হলেও বৃষ্টির পানির কারণে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত খরচ কমেছে।
উপজেলার গোপালপুর গ্রামে কৃষক জুলফিকার আলী জানান আমরা বৃষ্টির পানিতে চারা রোপন করছি কারণ এতে সেচ লাগেনা। বৃষ্টির পানিই যথেষ্ট, এতে ফলনও ভালো পাওয়া যায়।
বুলাকীপুর ইউনিয়নে শ্রীচন্দ্রপুর গ্রামে কৃষক মোফাজ্জল হোসেন বলেন বর্তমানে আমরা জমিতে চাষ, আগাছা পরিস্কার সার দেওয়া সহ নানা কাজে এখন পুরো ব্যস্ত সময় পার করছি। তবে সার কীটনাশক ও ডিজেলের দাম বেশি হওয়ায় দুশ্চিন্তায় আছি।
উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান জানান এ বছর উপজেলার ১৪ হেক্টর জমিতে আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভালো ফসল উৎপাদনে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ।





