বাংলাদেশ থেকে গবাদিপশু ও হাঁস-মুরগিজাত পণ্য রপ্তানি শুরু হয়েছে: জাহিদ হোসেন


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: নিজেদের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গ্রামের উৎপাদিত দুধ, মাংস ও অন্যান্য খাদ্যপণ্য দেশের মানুষের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব। ইতোমধ্যে বাংলাদেশ থেকে গবাদিপশু ও হাঁস-মুরগিজাত পণ্য রপ্তানি শুরু হয়েছে, যা দেশের জন্য অত্যন্ত ইতিবাচক।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২ টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মুন্সিপাড়া (সিপি রোড) এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) উদ্যোগে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দিনাজপুরের ঘোড়াঘাটেও গবাদিপশু পালন ও দুধ উৎপাদন বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ জন্য উন্নত জাতের গরু পালন, সঠিক পরিচর্যা এবং রোগব্যাধি প্রতিরোধে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ও সরকারি কর্মকর্তারা প্রয়োজনীয় চিকিৎসা ও কারিগরি সহায়তা দেবেন। সবাই সম্মিলিতভাবে কাজ করলে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হবে এবং দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
ঘোড়াঘাট পৌর দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি এ কে এম জাকির হোসেন মণ্ডল (কৌশিক)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রটির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো.শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ এইচ এম নুরুল আনোয়ার, মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম, মো. আরিফুজ্জামান ও এস এম আসিফুল ইসলাম, মিল্ক ইউনিয়নের মহাব্যবস্থাপক (টেক এন্ড অপারেশন) মো. এনায়েত করীম চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক (সমিতি) অমিয় কুমার মণ্ডল, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন, পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এবং সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন।
উদ্বোধন শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অন্যান্য অতিথিরা মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।





