আওয়ামী লীগের নেতাকর্মীদের সুবিধা দিলে কঠোর ব্যবস্থা


দলের ভেতরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় ও সুযোগ-সুবিধাদানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাদের সঙ্গে পৃথকভাবে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই কঠোর নির্দেশনা দেন।
বৈঠক সূত্রে জানা গেছে, তারেক রহমান চলমান পরিস্থিতি মোকাবিলা এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নির্দেশ দিয়েছেন। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের স্পষ্ট জানিয়ে দেন, দলের নাম ভাঙিয়ে বা দলের ভেতরে থেকে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে দল ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। এ ছাড়া পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা বিভিন্নভাবে সুযোগ-সুবিধা দিচ্ছেন কিংবা আশ্রয়-প্রশ্রয়ের ব্যবস্থা করছেন, তাদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি চেয়ারম্যান।
এদিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত যুবদলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এ সময় সংগঠনের সাংগঠনিক অবস্থা জানতে চান তিনি। কয়েকজন নেতা সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। পরে বিএনপি চেয়ারম্যান সংগঠন শক্তিশালী করতে তাদের নির্দেশনা দেন।
যুবদলের পর শ্রমিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে জাতীয়তাবাদী যুবদলের দুজন সহসভাপতি ও একজন যুগ্ম সাধারণ সম্পাদক অভিন্ন সুরে জানান, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তিনি জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন। কেউ দলের নাম ব্যবহার করে কোনো অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।





