নারায়ণগঞ্জ

রূপগঞ্জ উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এমপি পুত্র, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২

লিখন রাজঃ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) ছেলে গোলাম মূর্তজা পাপ্পা। এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই জন । কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকারিভাবে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে নারায়ণ জেলা পরিষদের সাবেক সদস্য এবং রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার রিয়া ।

গোলাম মূর্তজা পাপ্পা রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং গাজী গ্রুপ ও বিসিবি পরিচালক। দলীয় শৃঙ্খলা রক্ষায় প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা মেনে তিনি নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন গোলাম মূর্তজা পাপ্পা গাজী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন গোলাম মূর্তজা পাপ্পা।

বিষয়টি নিশ্চিত করেছেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার সাকিব আল রাব্বি।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আইনজীবী স্বপন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, স্থানীয় তাঁতীলীগ নেতা রাসেল আহমেদ।

এছাড়া রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক তিন বারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমা ও স্থানীয় যুব মহিলালীগ নেত্রী তানিয়া সুলতানা।

এছাড়া দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগের কারনে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আলোচিত অনলাইন ক্যাসিনোকান্ডের সেলিম প্রধানের চেয়ারম্যান পদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

সে কারনে সামনে রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসন ভুঁইয়া রানু ।

ভাইস চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এবং রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।

রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লী ইসলাম বলেন, এবারের রূপগঞ্জ উপজেলা নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৪২টি। পুরুষ ভোটার ২ লক্ষ ৫১ জন, মহিলা ১ লক্ষ ৯০ হাজার ৫৫৪ জন ও হিজড়া ২ জন। মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৬০৭ জন। নির্বাচনের তফসিল অনুযায়ী ২মে প্রতীক বরাদ্দ ও ২১মে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ