নারায়ণগঞ্জ

রূপগঞ্জে জামদানি শাড়ির নকশা বৈচিত্র ও রং বিন্যাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লিখন রাজঃ বাংলাদেশ কারু শিল্প পরিষদ ও স্থানীয় জামদানি উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি শাড়ির নকশা বৈচিত্র ও শাড়িতে রং বিন্যাস বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রায় ৬০ জন কারুশিল্পী ও জামদানি তাঁতি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারু শিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখল সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য সাইফুর রহমান, ফাইজা আহমেদ, মো. সজিব এবং সদস্য রাসেল মিয়া।

কর্মশালায় জামদানি শাড়ির ঐতিহ্যবাহী নকশার পাশাপাশি আধুনিক নকশার বৈচিত্র, রঙের সৃজনশীল ব্যবহার এবং বাজার চাহিদা অনুযায়ী নতুন ডিজাইন তৈরির বিভিন্ন কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালা শেষে ৪৫ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সম্পন্ন করা হয় এবং অংশগ্রহণকারী কারুশিল্পীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ জামদানি শিল্পের মানোন্নয়ন, দক্ষ কারুশিল্পী তৈরি এবং দেশীয় ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও সংবাদ