বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের অভিষেক, ফ্রি মেডিকেল ক্যাম্প


স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ ও রোগীদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের অভিষেক ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সী অসংখ্য রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সকাল ১১টায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম আবু জাফর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শেখ মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুল সালেহীন এবং জেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু এবং বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোছা. ফারহানা আক্তার। এ সময় বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মো. ফরিদুল ইসলাম বাবলুসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায়, দুস্থ ও চিকিৎসাবঞ্চিত মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়। এমনকি ক্যাম্পের কার্যক্রম শেষে পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় রোগীদের রাতেও অস্ত্রোপচার করা হয়।
বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও অস্ত্রোপচারের এ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেবাগ্রহীতা রোগী ও তাঁদের স্বজনরা।





