মহাদেবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে টিকাদান ও কৃমিমুক্তকরণ ক্যাম্পেইন


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ নভেম্বর ২০২৬ থেকে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন। এ উপলক্ষে নওগাঁর মহাদেবপুর উপজেলার খোদ্দকালনা ও দিয়ারাপাড়া এলাকায় বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান এবং কৃমিমুক্তকরণ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ঘাসফুল সংস্থার এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (এএমডি) ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হচ্ছে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের ইউনিয়ন ভ্যাকসিনেটর উজ্জ্বল কুমার মণ্ডল। ঘাসফুল সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন মহাদেবপুর এরিয়ার এরিয়া ম্যানেজার, মহাদেবপুর শাখার ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, এএমডি ইউনিট ও স্টার প্রকল্পের কর্মকর্তাবৃন্দ এবং সংস্থার টেকনিক্যাল ম্যানেজার মো. আমির হামজা।
আয়োজক সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ৮৫০টি গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। এর মধ্যে ২২০টি গরু, ১৮০টি ছাগল এবং ৪৫০টি হাঁস-মুরগি রয়েছে।
টিকাদান কর্মসূচিতে গরুকে বাদলা ও গলাফুলা রোগের, ছাগলকে পিপিআর রোগের, হাঁসকে ডাক প্লেগ এবং মুরগিকে বিসিআরডিভি ও আরডিভি রোগের প্রতিরোধমূলক টিকা দেওয়া হয়। পাশাপাশি খামারিদের মধ্যে বিনামূল্যে ১০০টি কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, খামারিদের মধ্যে প্রাণিসম্পদ পালন ও পরিচর্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর খামার গড়ে তুলতে আগ্রহ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
কর্মসূচিটি বাস্তবায়নে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, খামারিদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও রপ্তানিমুখী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।





