বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর


বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আজ বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন আয়োজিত ‘ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ-লেড ডায়ালগ – ফাইভ জিরো মুভমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিশুশ্রম প্রতিরোধ এবং দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি ও উপবৃত্তি চালু করেছিলেন। বর্তমান সরকার তারই ধারাবাহিকতায় মিড-ডে মিল কর্মসূচি চালু করেছে এবং সকল শিক্ষার্থীর জন্য একই ধরনের পোশাক, জুতা ও স্কুলব্যাগ প্রদানের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগ কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মা ও শিশুর অপুষ্টি দূর করার প্রসঙ্গে তিনি জানান, চলমান ‘১০০০ দিনের কর্মসূচি’র মেয়াদ বাড়িয়ে চার বছরে উন্নীত করার চিন্তাভাবনা করছে সরকার। পাশাপাশি সামাজিক নিরাপত্তা ভাতার পরিমাণ ও ভাতাভোগীর সংখ্যা উভয়ই উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত করা গেলে নারী ও শিশুদের প্রতি সহিংসতা অনেকাংশেই কমে আসবে। এ জন্য শৈশব থেকেই সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের সার্বিক বিকাশের স্বার্থে বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ‘লাইফ স্কিল’ বা জীবনদক্ষতামূলক শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক ড. জ্যারেড উইলিয়াম বেরেন্ডস। এ ছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধি, নারী ও শিশু অধিকার কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কিশোর-কিশোরীরা অনুষ্ঠানে অংশ নেন।





