বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন: রয়টার্স


বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প সক্ষমতার অভিযোগে পরিচালিত এক তদন্তের ফলাফল মার্কিন প্রশাসন খুব শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এবং এর ফলে বিভিন্ন পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। সূত্রগুলোর মতে, মঙ্গলবার বিকেলেই এই তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) এমন নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকেই আরোপিত শুল্কের ওপর যুক্ত হবে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট যেসব শুল্ক বাতিল করেছিলেন, এই নতুন শুল্কগুলো তার একটি অংশের স্থলাভিষিক্ত হবে। প্রশাসনের আরোপিত শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের ভোগ্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।
দেশভেদে নির্ধারিত শুল্কহার
কোন শুল্কহার প্রস্তাব করা হবে তা এখনো স্পষ্ট নয়। এক সূত্র জানিয়েছে, শুল্কহার প্রতিটি দেশের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হবে এবং মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে কোনো শুল্ক আরোপের সম্ভাবনা কম। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য অংশীদারগুলোর বিরুদ্ধে অতিরিক্ত শিল্প সক্ষমতার তথ্যের ভিত্তিতে এই তদন্ত পরিচালনা করেছে।
ওই সূত্রের মতে, চূড়ান্ত হওয়া মার্কিন বাণিজ্য চুক্তিতে নির্ধারিত শুল্কের সর্বোচ্চ সীমা (ক্যাপ) হোয়াইট হাউস বজায় রাখবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ শুল্কসীমা। ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া বাণিজ্য বিরতি (ট্রেড ট্রুস) বাড়ানো হলে চীনা পণ্যের ওপর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুল্কের ২০ শতাংশ সীমাও যুক্তরাষ্ট্র বজায় রাখবে বলে আশা করা হচ্ছে। মেয়াদ শেষ হয়ে গেলে চীনের অতিরিক্ত সক্ষমতার শুল্কহার আরও বাড়তে পারে।
প্রস্তাবিত এই ঘোষণা নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় ও হোয়াইট হাউস। বাণিজ্য বিভাগের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাস জানান, তিনি একটি দীর্ঘ প্রতিবেদন আশা করছেন, যাতে ১৬টি বাণিজ্য অংশীদারের প্রতিটির জন্য ভিন্ন ভিন্ন শুল্ক প্রতিকার থাকতে পারে। কিং অ্যান্ড স্প্যালডিংয়ের এই অংশীদার বলেন, বিভিন্ন খাতে অতিরিক্ত সক্ষমতা রয়েছে—এমন দেশগুলোর আমদানির ওপর প্রশাসন ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্কহার প্রস্তাব করতে পারে। জোরপূর্বক শ্রমবিরোধী আইন শিথিলভাবে প্রয়োগের পৃথক তদন্তে আরোপিত ১০ বা ১২.৫ শতাংশ বিদ্যমান শুল্কের ওপর এসব শুল্ক যুক্ত হবে। তবে তিনি আরও জানান, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে দেশগুলো পদক্ষেপ না নিলে সময়ের সাথে শুল্কহার বাড়ানোর শর্তসহ (এস্কেলেশন ক্লজ) কম শুল্কহারও প্রস্তাব করতে পারে প্রশাসন।
বিকল্প শুল্ক ও তদন্তের প্রেক্ষাপট
এই তদন্তের আওতায় থাকা বাণিজ্য অংশীদারগুলো হলো—চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া, এবং ইউরোপীয় ইউনিয়ন। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চলতি সপ্তাহেই এই তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।
গত মার্চে মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় অতিরিক্ত সক্ষমতা তদন্ত শুরু করে; পাশাপাশি ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন দুর্বল বা শিথিলভাবে প্রয়োগের বিষয়ে পৃথক আরেকটি তদন্ত শুরু করে। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টে বাতিল হওয়া ট্রাম্পের বৈশ্বিক ‘লিবারেশন ডে’ শুল্কগুলো নতুন করে সাজাতেই সম্মিলিতভাবে এসব শুল্ক আনা হচ্ছে।
অতিরিক্ত শিল্প সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চীনকে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন, যার ফলে ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি সামগ্রী ও সৌরপণ্যসহ নানা পণ্যে বিশ্ববাজার সয়লাব হচ্ছে বলে তাদের অভিযোগ। চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতার প্রতিফলন। মার্কিন বাজারের জন্য পণ্য তৈরি করতে এবং আগের মার্কিন শুল্ক এড়াতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনের বিনিয়োগকেও আংশিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে এই তদন্তে।
১০ জানুয়ারি শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরতির আওতায় ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত প্রায় ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি দ্বিতীয় মেয়াদে চীনা পণ্যের শুল্ক সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সব চীনা আমদানির ওপর ১২.৫ শতাংশ শ্রমবিরোধী শুল্ক আরোপ করেছে, ফলে ২০ শতাংশের সীমায় পৌঁছাতে আর মাত্র ৭.৫ শতাংশ বাকি রয়েছে। এ ছাড়া উভয় পক্ষের ৩০ বিলিয়ন ডলারের অ-কৌশলগত আমদানির ওপর শুল্ক কমানোর বিষয়েও কাজ করছে যুক্তরাষ্ট্র ও চীন।





