জাতীয়

অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী

রপ্তানি প্রবৃদ্ধিতে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার গড়ে তোলার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেছেন, খাদ্য নিরাপদ না হলে স্বাস্থ্য নিরাপদ থাকবে না, আর মানুষ সুস্থ না থাকলে ব্যবসা, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনা টেকসই হবে না।

আজ বুধবার সকালে ঢাকার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে দ্য অ্যাসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরিজ বাংলাদেশ (এটিএলবি) আয়োজিত ‘মেড ইন বাংলাদেশ, টেস্টেড টু গ্লোবাল স্ট্যান্ডার্ডস: দ্য রোল অব অ্যাক্রেডিটেড ল্যাবরেটরিজ ইন এক্সপোর্ট গ্রোথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। ২০১৩ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হলেও নানা সীমাবদ্ধতায় প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বিকাশ হয়নি। বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে আরও সক্ষম ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

রপ্তানির জন্য মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ করা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে শিশুদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়; এ জন্য কৃষি, বাণিজ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সরকারি সেবার দীর্ঘসূত্রতা কমানোর ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

পরীক্ষাগার সম্প্রসারণের বিষয়ে তিনি জানান, জাইকার অর্থায়নে ঢাকা (আশুলিয়া), খুলনা ও চট্টগ্রামে (হালিশহর) তিনটি পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে এগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে দ্রুত পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব হবে। পাশাপাশি রপ্তানি বাজারের চাহিদা অনুযায়ী বিদ্যমান পরীক্ষাগারগুলোতে কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু, মাইকোটক্সিন ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে।

একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষার জটিলতা ও ব্যয় কমাতে সরকারি-বেসরকারি পরীক্ষাগার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো হবে বলে জানান মন্ত্রী। এ ছাড়া অর্থের বিনিময়ে পরীক্ষার রিপোর্ট প্রভাবিত করা বা অনৈতিকভাবে সনদ প্রদান বন্ধে কার্যকর আইন প্রয়োগ এবং কঠোর শাস্তির বিধানের কথা উল্লেখ করেন তিনি।

আহসান হাবীবের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআই-এর প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। এফবিসিসিআই প্রশাসক তাঁর বক্তব্যে পণ্য পরীক্ষার ব্যয় যেন পণ্যের মূল্যবৃদ্ধির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। সেমিনারে সংশ্লিষ্ট অংশীজন, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে খাদ্যমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এই বিভাগের আরও সংবাদ