মুন্সিগঞ্জ

শ্রীনগরে আড়িয়ল বিলসহ বিভিন্ন চকের জলমগ্ন জমিতে মাছ ধরার হিড়িক

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিলসহ উপজেলার বিভিন্ন জলমগ্ন জমিতে মাছ ধরার হিড়িক পড়েছে। বিভিন্ন ধরণের জাল, চাই ও বায়না দিয়ে বিশেষ পন্থায় দেশীয় প্রজাতির মাছ শিকার করছেন স্থানীয়রা। সরেজমিন ঘুরে দেখা গেছে, শ্রীনগর উপজেলার গাদিঘাট, ষোলঘর, আলমপুর, লস্করপুর, বাড়ৈখালী, মদনখালীসহ আড়িয়ল বিলের জলমগ্ন জমিতে জাল দিয়ে পুঁটি, কৈ, শিং, টাকি, শোল, গজার, দেশী খলিসা, বাইন, থাইল্যান্ডি খলিসাসহ নানান জাতের ছোট ছোট মাছ ধরছেন স্থানীয়রা। অনেকেই স্থানীয় হাটবাজারে এসব মাছ বিক্রি করছেন।

দেখা গেছে, আড়িয়ল বিল এলাকায় ১০০ থেকে ২০০ টাকা কেজি দরে প্রকারভেদে দেশী পুঁটি মাছ বিক্রি করা হচ্ছে। তবে অতি স্বস্তায় বিক্রি হচ্ছে থাইল্যান্ডি খলিসা। এই জাতের মাছটিকে স্থানীয়রা রোহিঙ্গাও বলেন। খোলাবাজারে মাছটির চাহিদা কম হওয়ায় মাত্র ৪০ টাকা কেজি দরে মাছের পাইকারের কাছে বিক্রি করতে দেখা গেছে।

এলাকাবাসী জানায়, বির্স্তীণ আড়িয়ল বিলসহ উপজেলার অন্যান্য চকে কৃষিজমির জঙ্গল পরিস্কার করা হচ্ছে আবাদের জন্য। এখনও অধিকাংশ জমিতে পানি থাকায় মাছ পাওয়া যাচ্ছে। পানি শুকিয়ে গেলে আলু ও ধান আবাদ শুরু হবে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, আড়িয়ল বিলসহ বিভিন্ন খাল, ডাঙ্গা ও পুকুরে আগের মত মাছ পাওয়া যাচ্ছে না। এর অন্যতম কারণ বছরের শুরুতে জোয়ারের পানি আসা শুরু থেকে বর্ষার পানি নামার আগমূহুর্ত চকে নিষিদ্ধ দুয়ারি, কারেন্ট জাল ও ভেসালের কারণে মাছের প্রজনন নষ্ট হচ্ছে।

বিশেজ্ঞদের মতে, নিষিদ্ধ জালের ব্যবহার ও পোনা নিধন বন্ধ না গেলে দেশীয় প্রজাতির এসব মাছ এক সময় বিলুপ্ত হয়ে যাবে।

আবুল মিয়া নামে একজন বলেন, নিজস্ব একটি জমির চার পাশ নেট দিয়ে আটকিয়ে নিদিষ্ট একটি জায়গা খোলা রেখে ফাঁদ তৈরি করেছেন। এতে দেশী পুঁটি, বৈচা, থাইল্যান্ডি খলিসাসহ ছোট ছোট মাছ ফাঁদে আটকা পড়ছে। ইয়াছিন আলী বলেন, শখের বসে জাল নিয়ে এসেছেন মাছ ধরতে। টাকি, পুঁটি, কৈ, শিং পাওয়া গেলেও থাইল্যান্ডি খলিসা মাছের উপস্থিতি বেশী। থাইল্যান্ডি খলিসা মাছ এখন শুটকির জন্য জনপ্রিয় হচ্ছে। বছরের এ সময় ছোট মাছের দাম তুলনামূলক কম হওয়ায় গ্রামের নারীরা শুটকি মাছ প্রস্তুত করে থাকেন।

এই বিভাগের আরও সংবাদ