সিলেট

আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর

সিনিয়র রিপোর্টার: ক্বিরআত প্রশিক্ষণের খ্যাতনামা প্রতিষ্ঠান আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ এর তিন দিনব্যাপী ৫ম দশসালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামী ১২, ১৩ ও ১৪ নভেম্বর নগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এতে দেশ ও বিদেশের বরেণ্য আলেমগণ অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার বিকেলে অনুষ্ঠান সফল করতে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের সহ সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দিক এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮২ সালে শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক রাহ-এর হাতে প্রতিষ্ঠিত দেশের শীর্ষ কুরআন । শিক্ষা প্রতিষ্ঠান আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ দীর্ঘদিন ধরে পবিত্র কুরআনের বিশুদ্ধ কিরাআত শিক্ষা ও কুরআনিক শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক রহ.-এর হাত ধরে প্রতিষ্ঠিত এই দ্বীনি প্রতিষ্ঠানটি কুরআনের খেদমতকে তার মূল লক্ষ্য ও আদর্শ হিসেবে গ্রহণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে অসংখ্য শিক্ষার্থীকে কুরআনের শিক্ষা প্রদান এবং এ পর্যন্ত প্রায় অর্ধ লক্ষ দক্ষ ক্বারী (পুরুষ ও মহিলা) কুরআনের খাদেম তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ

ভূমিকা পালন করে আসছে। যারা দেশ-বিদেশে সহীহ কুরআন শিক্ষায় অনবদ্য ভূমিকা রাখছে। আঞ্জুমান এবার ৪৬তম বছরে পদার্পন করেছে। সমাপনীবর্ষে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে দস্তারবন্দী মহাসম্মেলন’র

মাধ্যমে ক্বারী হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি ও দস্তারে ফযিলত (সমাবর্তন) প্রদান করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আগামী ১২, ১৩ ও ১৪ নভেম্বর ২০২৬ ঈসায়ী রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার আঞ্জুমান কমপ্লেক্সে তিন দিনব্যাপী ৫ম দশসালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ ।

তিনি বলেন, এই সম্মেলনে কুরআনের শিক্ষায় বিশেষ অবদান রাখা ও নির্ধারিত শিক্ষাক্রম সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী (পাগড়ী ও ওড়না), সম্মাননা সনদ প্রদানসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হবে। পাশাপাশি দেশ-বিদেশের বিশিষ্ট ওলামা-মাশায়েখ, ক্বারী ও সুধীবৃন্দ মূল্যবান নসিহত ও আলোচনা রাখবেন।

তিনি বলেন, একটি দ্বীনি ও শিক্ষামূলক আয়োজনের সফলতা অনেকাংশে নির্ভর করে গণমাধ্যমের সহযোগিতা ও প্রচারের ওপর। আপনারা সমাজের দর্পণ। আপনাদের লেখনী, সংবাদ ও প্রচারণার মাধ্যমে এই মহতী উদ্যোগের বার্তা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে পারেন ।

এসময় উপস্থিত ছিলেন- আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ক্বারী আব্দুর রহিম আজমী, প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী ফয়জুল্লাহ মায়মুন, দফতর সম্পাদক ক্বারী ইহসান বিন সিদ্দিক, মজলিসে সূরা সদস্য ইবাদ বিন সিদ্দিক, দশসালা দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তাবায়ন কমিটির সদস্য আফরোজ খান প্রমূখ।

এই বিভাগের আরও সংবাদ