খুলনা

রোটারি হেলথ ফেয়ারে বিনামূল্যে চিকিৎসা পেলেন খুলনার ৫ শতাধিক মানুষ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খুলনায় অনুষ্ঠিত হলো ‘রোটারি হেলথ ফেয়ার সিজন-৪’। দিনব্যাপী এ স্বাস্থ্য মেলায় পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা, ওষুধ ও প্রয়োজনীয় সহায়তা পেয়েছেন।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি স্কুল মাঠে এ মেলার আয়োজন করে রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনা। সহযোগিতায় ছিল বিভিন্ন সহযোগী রোটারি ক্লাব।

মেলা পরিদর্শন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং জনহিতকর এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

মেলায় সাধারণ চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিস, শিশু ও নারী স্বাস্থ্য, অর্থোপেডিক, চক্ষু ও দন্ত চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি ইসিজিসহ বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়। রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চাহিদা অনুযায়ী সুবিধাবঞ্চিতদের হুইলচেয়ার ও চশমাও দেওয়া হয়।

এ ছাড়া নারীদের জন্য বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে টিকাদান, পুষ্টি ও সুষম খাদ্য, মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মানসিক স্বাস্থ্য এবং ক্যান্সার প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, ২০২১-২২ রোটারি বর্ষে এ উদ্যোগের সূচনা হয়। আগের তিনটি সিজন সফলভাবে সম্পন্নের পর এবার চতুর্থবারের মতো এ স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে।

প্রকল্পের ইভেন্ট চেয়ার ফেরদৌসুর রহমান পিয়াস বলেন, যৌথ রোটারি ক্লাবগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং চিকিৎসক সদস্যদের স্বতঃস্ফূর্ত সেবাদানের কারণেই মেলাটি সফল হয়েছে। ভবিষ্যতেও মানবসেবার এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় ইভেন্ট চেয়ার ফেরদৌসুর রহমান পিয়াস, রোটাঃ সৈয়দ আবু সাঈদ, রোটাঃ আশিষ দে, রোটাঃ মোল্লা মারুফ রশিদ, রোটাঃ খন্দকার সাজ্জাদুল ইসলাম, রোটাঃ জিএম নাসির উল্যাহ, রোটাঃ নাদিরা সুলতানা, রোটাঃ সামছুল আরিফীন লিয়ন, রোটাঃ ওবায়দুর রহমান মিশু ও রোটাঃ মোজাহিদ রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ