রাজশাহী

দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৭৩৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জাহিদুল ইসলাম,দুর্গাপুর (রাজশাহী): রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ দশমিক ৯ গ্রাম গুঁড়া ইয়াবাসহ মোঃ শামীম রেজা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত খড়বোঝাই একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে পুলিশের অভিযানের সময় ট্রাকের হেলপার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে দুর্গাপুর উপজেলার ১ নম্বর নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের বাজারের পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই মেহেদী হাসান ও এসআই সামাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। এ সময় সন্দেহভাজন একটি খড়বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গুঁড়া ইয়াবা উদ্ধার করা হয়। পরে ট্রাকে থাকা শামীম রেজাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মোঃ শামীম রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে। অভিযানে ৩৭টি প্যাকেটে রাখা ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি প্যাকেটে ১৫ দশমিক ৯ গ্রাম গুঁড়া ইয়াবা পাওয়া যায়, যার ওজন প্যাকেটসহ ১৫ দশমিক ৯ গ্রাম বলে জানানো হয়েছে। এ সময় ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৫ নম্বরের একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযানের সময় ট্রাকে থাকা হেলপার পালিয়ে যান। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা আলামতের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ট্রাকের হেলপার পালিয়ে যান। তিনি আরও জানান, এ ঘটনায় দুর্গাপুর থানায় কোনো মামলা হয়নি। রাজশাহী জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং মামলাটির তদন্তও জেলা ডিবি পুলিশ পরিচালনা করবে।

মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ