‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী


ক্রসফায়ার নিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির অসতর্কভাবে শব্দচয়ন করেছেন, তার এ ধরনের শব্দ উচ্চারণ করা ঠিক হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আইজিপি যে বক্তব্য দিয়েছেন, পরবর্তী সময়ে তার ব্যাখ্যাও দেয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে হয়তো অসতর্কভাবে শব্দচয়ন হয়েছে। তিনি এ কথা বলেননি যে ক্রসফায়ার করার নির্দেশনা তিনি সরকারের কাছ থেকে পেয়েছেন কিংবা তিনি নিজে তা করতে চান। তারপরও এ ধরনের শব্দ উচ্চারণ করা তার ঠিক হয়নি।
তিনি আরও বলেন, আমরা চাই- দেশে আর কোনোদিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম না হোক। প্রয়োজনে গুম প্রতিরোধে আরও আইন হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে গুমের শিকার বাগেরহাটের মিরাজ শেখের বিষয়ে সরকার তদন্ত করছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে সরকার।



