পঞ্চগড়ে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু


মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এর খেলোয়াড় বাছাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় গলেহা উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নতুন কুড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাই কমিটির সভাপতি তোফায়েল প্রধান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
নতুন কুড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাই কমিটির সদস্য সচিব ও গলেহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাত কাজলদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আমিনা রহমান।
নতুন কুড়ি স্পোর্টস খেলার বাছাই কমিটির দলনেতা ও গলেহা হাট ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং উৎসাহী শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা।
আয়োজকরা জানান, এই বাছাই পর্বে দাবা, ফুটবল, সাঁতার, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, দীর্ঘলম্ফ ও কাবাডিসহ বিভিন্ন গ্রামীণ ও আধুনিক খেলায় প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হচ্ছে। এই বাছাই পর্ব থেকে নির্বাচিত খেলোয়াড়রা পরবর্তীতে উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।



