বাগেরহাট

সুন্দরবনে বনদস্যুর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ: জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা ৫ জেলে ও অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড বিসিজিএস সোনার বাংলার নির্বাহী কর্মকর্তা লেঃ ওয়াসিফ কবীর শামিত এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’ সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় কয়েকজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও দোবেকী কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল অতর্কিতভাবে কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে বনদস্যুরা জিম্মি জেলে রেখে সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি একনলা বন্দুক, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩ টি দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাতদলের কাছে জিম্মি থাকা পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে রবিউল ইসলাম (৩৫) ও বিল্লাল হোসেন (২৬) আলাউল ইসলাম (৩২), নওশেন মোড়ল (৪১) ও শাহিনুর রহমান (২৮)। তারা খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা। জব্দকৃত অস্ত্র ও ফাঁকা গুলি এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ