দিনাজপুর

পছন্দ হলেই বিয়ে’ নয়, শত বছরের ঐতিহ্যে বীরগঞ্জে আদিবাসীদের মিলনমেলা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : ‘পছন্দ হলেই বিয়ে’-এমন কথা শুনলে মনে হতে পারে, দিনাজপুরে বুঝি শুরু হতে যাচ্ছে জীবনসঙ্গী খোঁজার কোনো মেলা। তবে বাস্তবতা ভিন্ন। এটি কোনো জীবনসঙ্গী খোঁজার মেলা নয়; এটি বীরগঞ্জের আদিবাসী সম্প্রদায়ের ২শত বছরের ঐতিহ্যবাহী মিলনমেলা।

প্রতিবছর শারদীয় দুর্গাপূজার পরের দিন হয় তবে বীরগঞ্জ উপজেলার সব থেকে বড় হাট হওয়ার কারণে এবার (২৩ অক্টোবর) শুক্রবার হতে যাচ্ছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ স্কুল মাঠে বসে এ ঐতিহ্যবাহী আদিবাসী মিলনমেলা। এ মেলায় দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার এবং দূর-দূরান্ত থেকে আদিবাসী সম্প্রদায়, হিন্দু মুসলিমসহ মানুষজন ছুটে আসেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বীরগঞ্জ উপজেলার নিজপাড়া, মোহনপুর ও মরিচা ইউনিয়নের মধ্যবর্তী গোলাপগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দুইশত বছরের ঐতিহ্যবাহী এ আয়োজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগির অন্যতম একটি উপলক্ষ।

মেলায় বিভিন্ন বয়সী নারী-পুরুষের ব্যাপক সমাগম ঘটে। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচিতজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এ কারণে স্থানীয়ভাবে অনেকের কাছে মেলাটি পছন্দ ও পরিচয়ের মেলা হিসেবেও পরিচিত হলেও এর মূল পরিচয় আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মিলনমেলা।

প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এ আয়োজন এখনো আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে টিকে আছে।

এই বিভাগের আরও সংবাদ