ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আসাদুজ্জামান আসাদ (৪৮) নামে সোহাগী ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সোহাগী বাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার (১৪ অক্টোবর) সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আসাদুজ্জামান আসাদ উপজেলার বগাপুতা গ্রামের প্রয়াত সাদে আব্বাছের ছেলে। তিনি সোহাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমনের নেতৃত্বে পুলিশের একটি দল সোহাগী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশের অভিযোগ, আসাদুজ্জামান বেশ কিছুদিন ধরে এলাকায় সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং ঝটিকা মিছিল আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি পুলিশের।
ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, আসাদুজ্জামানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে এর আগেও গুরুতর অভিযোগ উঠেছিল। ২০১২ সালে ধর্ষণের অভিযোগে তাকে সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়।
ওই বছরের ৮ এপ্রিল সোহাগী বাজারে তার চেম্বারের পাশে সোহাগী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৪ এপ্রিল ঈশ্বরগঞ্জ থানায় মামলা করা হয়। পরবর্তী সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের একাধিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) উপধারা অনুযায়ী জনস্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল।



