বাংলাদেশের ছাত্ররা আমাদের পথ দেখিয়েছে : নেহা বোরা


ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সারা দেশে ছড়িয়ে পড়া তরুণদের আন্দোলন বা জেন জি প্রতিবাদ মূলত বাংলাদেশ থেকেই অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় ছাত্রনেত্রী নেহা বোরা। তিনি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কেন্দ্রীয় সভাপতি।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে দেওয়া এক সংহতি বার্তায় নেহা বোরা এ মন্তব্য করেন। বার্তাটি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজে প্রকাশিত হয়।
নেহা বোরা আরও বলেন, আমরা জানি যে জেন জি আন্দোলন যা আমরা এই দেশের (ভারত) সর্বত্র দেখছি, তা প্রথম শুরু হয়েছিল বাংলাদেশে। আপনাদেরকে অভিনন্দন, আমাদেরকে পথ দেখানোর জন্য এবং ঐক্যবদ্ধ থাকতে অনুপ্রাণিত করার জন্য।
নোহা আরও বলেন, আমরা জানি বাংলাদেশ এই আন্দোলন শুরু হয়েছিল গণতন্ত্র এবং ভোটের অধিকার নিয়ে। আমাদের দেশের চলমান আন্দোলনেও শিক্ষার্থী ও তরুণেরা ভোটের অধিকার নিয়ে রাস্তায় নেমেছে। আমরা জানি আপনার দেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে আপনারা যে লড়াই করছেন, তা এমন এক লড়াই যা আজ এ দেশের জেন জি এবং তরুণরাও লড়ছে।
বোরা ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে ২০২৪ এর গণঅভ্যুত্থানে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর মুখোমুখি হওয়া হুমকি নিয়েও কথা বলেন। তিনি ভারতে শিক্ষার গেরুয়াকরণের বিরুদ্ধে কথা বলেন এবং সতর্ক করেন যে বাংলাদেশেও মুক্তচিন্তাকে স্তব্ধ করা হচ্ছে।
বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে তিনি এই অঞ্চলের তরুণদের মধ্যে আরও বড় সহযোগিতার আহ্বান জানান এবং একটি উন্নত দক্ষিণ এশিয়ার জন্য কাজ করার গুরুত্বের ওপর জোর দেন।
পুলিশের সঙ্গে বিক্ষোভের সময় মুখোমুখি হওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতের জেন জি নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন নেহা বোরা। একজন নাট্যশিল্পী, কর্মী এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের অগ্রভাগে রয়েছেন, যেখানে তাদের সক্রিয়তা নির্বাচনি সংস্কার, একাডেমিক স্বাধীনতা এবং ভিন্নমতাবলম্বীদের প্রতি আচরণের ওপর ক্রমবর্ধমান ছাত্র ক্ষোভকে তুলে ধরে।



