খুলনা

খুলনার দৌলতপুরে ঘরে ঢুকে গুলির অভিযোগ ; দুই সন্তান নিয়ে থানায় আসমা

খুলনা ব্যুরো : খুলনায় নিজের বাড়িতে গুলির শিকার হওয়ার অভিযোগ তুলে নিরাপত্তাহীনতায় ভুগছেন আসমা আক্তার নামের এক নারী। তাঁর অভিযোগ, আসিফ মোল্লা ও তাঁর সহযোগীদের হুমকি এবং বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিজের ও ছোট ছোট সন্তানদের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার ১৫ অক্টোবর দৌলতপুর থানায় মামলা দায়ের করতে যান তিনি।

আসমার ভাষ্য, সাব্বির নামের এক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তাঁর বিরোধের সূত্রপাত। চেক ও নগদ অর্থের মাধ্যমে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছিল। পরে সাব্বিরের বাসায় ফ্রীজ বিক্রির কথা বলে তাঁকে সেখানে ডাকা হয়। সেখানে কয়েকজন নারী তাঁকে বাসা বিক্রির জন্য এসেছেন বলে স্বীকার করতে বলেন। তিনি তা অস্বীকার করলে আসিফ নামের এক ব্যক্তি তাঁকে ফোন করে একই কথা বলতে চাপ দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন আসমা।

আসমার দাবি, ওই ব্যক্তি আসিফ মোল্লা নামে পরিচিত। তিনি নিজেকে হুমার নাতি আসিফ মোল্লা বলেও পরিচয় দেন বলে অভিযোগ করেন আসমা। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা এবং এক যুবদলকর্মীকে গুলি করার অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আসমা আরও অভিযোগ করেন, পরবর্তী সময়ে আসিফ ও তাঁর সহযোগীরা গণমাধ্যমকর্মীদের নিয়ে এসে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচার করেন। ‘ফার্স্ট নিউজ’ নামের একটি চ্যানেলের এক সাংবাদিককে ১ হাজার ৫০০ টাকা দিয়ে মিথ্যা প্রতিবেদন করানো হয়েছে বলেও দাবি তাঁর। তাঁর অভিযোগ, তাঁর বক্তব্য গুরুত্ব না দিয়ে আসিফের পরিবারের ভিডিও প্রচার করা হয়।

আসমার ভাষ্য, এসব ঘটনার পর তিনি নিয়মিত থানায় অভিযোগ জানিয়ে আসছিলেন। এর মধ্যে গত সন্ধ্যায় আসিফ ও তাঁর তিন-চারজন সহযোগী তাঁর বাড়ির আশপাশে আসেন। রাত আনুমানিক আটটার দিকে ঘরের জানালা বন্ধ থাকা অবস্থায় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সোনিয়া নামের এক নারীও জড়িত বলে দাবি করেছেন আসমা। তবে গুলির ঘটনা ও এতে কারা জড়িত, তা তদন্তসাপেক্ষ।

আসমা বলেন, তাঁর বিরুদ্ধে আসিফের সঙ্গে ব্যবসা করার অভিযোগ তোলা হয়েছে। কিন্তু তিনি কখনো আসিফের সঙ্গে ব্যবসা করেননি বলে দাবি করেন। তাঁর অভিযোগ, ৩ নম্বর ওয়ার্ডে একটি ককটেলও আনা হয়েছিল, যদিও সেটি বিস্ফোরিত হয়নি।

আসমার অভিযোগ, নিজের ঘরেও তিনি এখন নিরাপদ বোধ করছেন না। তিনি নিজের ও সন্তানদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি দৌলতপুর থানায় মামলা দায়ের করতে দিতে এসেছেন।
এব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ মোরাদুল ইসলাম তরঙ্গ নিউজ প্রতিবেদককে বলেন, “আসমা আক্তার সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ দায়ের করেছেন, এর ভিত্তিতে মামলা রেকর্ড করা হবে।

এই বিভাগের আরও সংবাদ