ব্রাহ্মণবাড়িয়া

পচা ডিম দিয়ে বেকারি খাদ্য প্রস্তুত: ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের ভাদুঘর এলাকার এলহামপাড়া বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২.০০ টার সময় ​বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিরাপদ খাদ্য নিশ্চিত এক অভিযান পরিচালিত করেন।

​অভিযান পরিচালনার দ্বায়িত্বে ছিলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

​অভিযানে দেখা যায়, ভাদুঘর এলাকার এলহাম পাড়ায় অবস্থিত এশিয়া বেকারিতে (প্রো: আলী আজগর) পচা ডিম দিয়ে বেকারি খাদ্য প্রস্তুত করা হচ্ছে। অভিযান চলাকালীন সময়ে বেকারিটিতে পচা ডিম ব্যবহাররত অবস্থায় দেখা যায়।

এ সময় জানা যায়, বেকারিটি বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে এ সমস্ত পচা ও খাওয়ার অযোগ্য ডিম সংগ্রহ করে তা বিশেষ কেমিক্যাল দিয়ে দুর্গন্ধমুক্ত করে বেকারি পণ্যে ব্যবহার করত। অভিযানে বেকারি মালিক বিষয়টি সত্যতা স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকবেন মর্মে মুচলেকা প্রদান করেন।

​এ অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১,০০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এবং ভবিষ্যতে এ ধরনের কর্ম পুনরায় সংগঠিত করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো হবে মর্মে সতর্ক করা হয়।

ইফতেখারুল আলম রিজভী, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জানান, ​জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।

এই বিভাগের আরও সংবাদ