ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির ইউনিয়ন-ওয়ার্ড কমিটি ঘোষণা


মামুনুর রহমান, ষ্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে উপজেলা বিএনপির আওতাধীন সাতটি ইউনিয়ন এবং পৌর বিএনপির অধীন নয়টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম।
সঞ্চালনা করেন ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে হামলা, নির্যাতন, মামলা ও কারাররণের শিকার হওয়া নেতাকর্মীদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হয়েছে। পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় কমিটিগুলো গঠন করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব শাহাবুদ্দিন সেন্টু সর্দার এবং পৌর বিএনপির আহবায়ক ইসলাম হোসেন জুয়েল ও সদস্য সচিব আনোয়ার হোসেন জনির স্বাক্ষরিত কমিটিগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা এবং হামলা-মামলা ও কারাবরণের শিকার নেতাকর্মীদের সাংগঠনিকভাবে মূল্যায়ন করা এবং দলীয় কর্মকাণ্ডে তাঁদের আরও সক্রিয় করাই এসব কমিটি গঠনের অন্যতম উদ্দেশ্য। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।



