নওগাঁ

আত্রাইয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান,গাঁজা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশের একটি দল প্রতিসর এলাকায় অভিযান চালায়। এ সময় মোছা. মিথিলা খাতুন (১৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রতিসর গ্রামের মো. খোরশেদ আলমের স্ত্রী। পরে তার হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, আত্রাই থানা পুলিশের পৃথক একটি দল বান্দাইখারা এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মৃত মানিকুল্লার ছেলে। তার হেফাজত থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও সংবাদ