আন্তর্জাতিক

ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ৪

মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্যারিবীয় সাগরে একটি নৌযানে হামলা চালিয়ে চারজনকে হত্যার কথা শনিবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের দায়িত্বে নিয়োজিত সাউদার্ন কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গিয়েছিল যে নৌযানটি মাদক পাচারের কাজে সক্রিয়ভাবে জড়িত ছিল। এই হামলায় চারজন ‘মাদক-সন্ত্রাসী ’ নিহত হয়েছেন বলে দাবি করেছে তারা। হামলার একটি ঝাপসা ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত সেপ্টেম্বরের শুরুতে ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে অভিযান শুরু করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, লাতিন আমেরিকাভিত্তিক মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধে রয়েছে।

এএফপির হিসাব অনুযায়ী জানা গেছে, ওই অভিযান শুরুর পর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চালানো হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত যেসব নৌযানে হামলা চালিয়েছে, সেগুলো মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলÑএমন দাবির পক্ষে চূড়ান্ত বা সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি।

এদিকে আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলেছে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পর্যায়ে পড়তে পারে।

এই বিভাগের আরও সংবাদ