আন্তর্জাতিক

আমিরাত সফরে যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধিদল, আলোচনায় যেসব বিষয়

ইসরায়েলের তেল আবিব অভিমুখে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ‘ফ্লাইদুবাইয়ের’ স্থগিত থাকা ফ্লাইটগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আমিরাতি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে আগামী রোববার (১৫ নভেম্বর) ইসরায়েলি প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরাত সফর করবে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফ্লাইদুবাইয়ের ফ্লাইটগুলো তেল আবিবে পুনরায় অবতরণের অনুমতি দেওয়ার জন্য আমিরাতি কর্মকর্তাদের রাজি করাতে চেষ্টা চালাবে ওই প্রতিনিধিদল। চ্যানেল ১২ জানিয়েছে, ফ্লাইদুবাইয়ের তেল আবিব রুটের ফ্লাইট চলাচল স্থগিতাদেশ বর্তমানে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ রয়েছে। এর আগে অক্টোবর মাসের শেষের দিকে ফ্লাইট বন্ধের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে ১৭৪ জন ইসরায়েলি যাত্রী নিয়ে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ফ্লাইট চলাকালীন সময়ে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা চালানো হয়, যা পরবর্তীতে যাত্রী ও ক্রুদের তৎপরতায় প্রতিহত করা হয়। বিমানটি পরবর্তীতে গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

পরে সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি জানান, তদন্তে উঠে এসেছে যে ওই ফ্লাইটের ওমানি নাগরিক সহকারী পাইলট বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি আত্মঘাতী হামলা চালানোর উদ্দেশ্যে বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। এই ঘটনার পর ইজরায়েলে তীব্র নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। ফ্লাইটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওঠে প্রশ্ন।

এই বিভাগের আরও সংবাদ