জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ ইন্দোনেশিয়ার জাহাজ


ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রোববার জাহাজটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল। জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমানতান প্রদেশের রাজধানী বানজারমাসিনের দিকে যাচ্ছিল।
বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর তারা পেয়েছে। জাহাজটি সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।সংবাদ সাবস্ক্রিপশন
প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান জাভা সাগরে। বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে ওই অবস্থান শনাক্ত করা হয়েছিল।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বানজারমাসিনের উদ্ধার সংস্থার অভিযানপ্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের দিকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘ত্রিসক্তিতে আমরা একটি অভিযান পরিচালনা কেন্দ্র স্থাপন করেছি।’
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ঘটনাটি জানায়। তাদের কাছে তথ্য ছিল, জাহাজটি খারাপ আবহাওয়ার কবলে পড়েছিল।
সূত্র: এনডিটিভি



