সংসদে চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন


ত্রয়োদশ জাতীয় সংসদে চারটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী ও সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও সংসদের কার্যপ্রণালি-বিধি অনুসরণ করে এসব কমিটি গঠন করা হয়।
কমিটিগুলো হলো, কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি।
সোমবার সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটিগুলোর গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।
কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে ১২ জন সদস্য রয়েছেন। ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে এ কমিটির সভাপতি করা হয়েছে।
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটিতে ৮ জন সদস্য রয়েছেন। নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিনকে এ কমিটির সভাপতি করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে ১০ জন সদস্য রয়েছেন। বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশাকে এ কমিটির সভাপতি করা হয়েছে।
এ ছাড়া নাগরিকদের বিভিন্ন পিটিশন পর্যালোচনার জন্য ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতিও হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
পিটিশন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, নূরুল ইসলাম মনি, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), রকিবুল ইসলাম, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাহিদ ইসলাম এবং মো. রফিকুল ইসলাম খান।
চারটি কমিটিই সংসদের কার্যক্রম পরিচালনা, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং নাগরিকদের আবেদন ও অভিযোগ নিয়ে কাজ করবে।



