ঈশ্বরগঞ্জে মদ বিক্রির দায়ে অভিযুক্তের ১৫ দিনের জেল


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির দায়ে কার্তিক মনি ঋষি (৩৮) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার পাটবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত কার্তিক মনি ঋষি ওই এলাকার ঝোপালের ছেলে। তিনি চোলাই মদ বিক্রি করছিলেন বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কার্তিক মনি ঋষিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ঈশ্বরগঞ্জকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”



