অর্থনীতি

সরকারকে ৮ কোটি ৭০ লাখ টাকা লভ্যাংশ দিল গ্রামীণ ব্যাংক

গ্রামীণ ব্যাংকে থাকা সরকারি শেয়ারের বিপরীতে লভ্যাংশ বাবদ আট কোটি ৭০ লাখ টাকা প্রদান করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে লভ্যাংশের এই চেক হস্তান্তর করেন।

গ্রামীণ ব্যাংক মূলত ঋণগ্রহীতা সদস্য ও সরকারের যৌথ মালিকানায় পরিচালিত একটি প্রতিষ্ঠান; যেখানে ঋণগ্রহীতাদের শেয়ার ৯০ শতাংশ এবং সরকারের শেয়ার ১০ শতাংশ। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের হিসাব অনুযায়ী শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এরই অংশ হিসেবে সরকারের ১০ শতাংশ মূলধনের বিপরীতে লভ্যাংশ বাবদ আট কোটি ৭০ লাখ টাকা প্রদান করা হলো।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান ও মো. রেজাউল করিম চৌধুরী এবং কোম্পানি সচিব আব্দুস সবুর মো. বাকিউস উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ