ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দেশ, জাতি ও বিশ্বমানবের শান্তি ও মঙ্গল কামনায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী পরিচালনা কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় লাহেড়ীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অলক ঘোষ ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ী প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রতিকৃতি, ধর্মীয় সঙ্গীত ও নানা সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো।

এই বিভাগের আরও সংবাদ