আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

ইন্দোনেশিয়ার প্রতিবেশী অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ‘বিপজ্জনক’ মাত্রায় পৌঁছানোর পর মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের একটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় এক বিবৃতিতে জানায়, সারাওয়াকের সারিয়ান ডিভিশনে জরুরি অবস্থা জারির বিষয়ে সম্মতি দিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ধোঁয়াশার কারণে সেখানে বায়ুদূষণের মাত্রা জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আনুষ্ঠানিক অনুরোধের পর জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত আসে। ওই অঞ্চলের এয়ার পলিউট্যান্ট ইনডেক্স (এপিআই) এমন পর্যায়ে পৌঁছেছিল যে স্থানীয়ভাবে জরুরি অবস্থা বিবেচনার প্রয়োজন আবশ্যক হয়ে পড়ে।

জরুরি অবস্থার আওতায় সারিয়ানের ৬৪৭টি স্কুল সোমবার থেকে অন্তত আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বন্ধ থাকবে। একই সময়ে সরকারি ও বেসরকারি অফিস, বাগান, নির্মাণকাজ এবং পাথরখনি কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো চালু থাকবে।

ধোঁয়াশার পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য কৃত্রিম বৃষ্টির উদ্যোগ বা ক্লাউড সিডিং শুরু করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েক দিনে মেঘ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। এ কারণে সোমবার পর্যন্ত এই কার্যক্রম বাড়ানো হবে বলে জানিয়েছে সারাওয়াকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, জরুরি অবস্থা পুরো সারাওয়াকে নয়, শুধু সারিয়ান এলাকায় প্রযোজ্য। তবে তিনি স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বাসিন্দাদের বাইরে যাওয়া যতটা সম্ভব কমাতে হবে এবং খোলা জায়গায় ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলতে হবে।

বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত সারাওয়াক কয়েক সপ্তাহ ধরে তীব্র ধোঁয়াশায় আক্রান্ত। প্রতিবেশী সাবাহ রাজ্য ও মালয়েশিয়ার উপদ্বীপীয় অঞ্চলগুলোর বিভিন্ন এলাকাতেও একই ধরনের পরিস্থিতি দেখা দিয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ার প্রভাব পড়েছে। ব্রুনাইয়ে ধোঁয়াশাচ্ছন্ন পরিস্থিতির খবর পাওয়া গেছে। সিঙ্গাপুরে ২৪ ঘণ্টার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছানোর পর শুক্রবার সন্ধ্যা থেকে প্রতিদিন ধোঁয়াশা পরিস্থিতির সতর্কবার্তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের পর এবারই প্রথম সেখানে এমন সতর্কতা জারি করা হচ্ছে।

ফিলিপাইনেও ধোঁয়াশার প্রভাব পড়েছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র শুক্রবার রাজধানী মেট্রো ম্যানিলাসহ এক ডজনের বেশি প্রদেশে ক্লাস স্থগিতের নির্দেশ দিয়েছেন।

এ বছরের আন্তঃসীমান্ত ধোঁয়াশার প্রধান উৎস ইন্দোনেশিয়ায় জ্বলতে থাকা দাবানল। বিশেষ করে কালিমান্তান অঞ্চল ও সুমাত্রা দ্বীপে ব্যাপক অগ্নিকাণ্ড থেকে সৃষ্ট ধোঁয়া বাতাসের মাধ্যমে পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। এটি ইন্দোনেশিয়ায় চলমান মৌসুমি দাবানল সংকটেরই অংশ।

এই বিভাগের আরও সংবাদ