বাগেরহাট

সুন্দরবনের ৪ জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : সুন্দরবনে সক্রিয় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬ ) -এর কাছে আত্মসমর্পণ করেছে। সোমবার (৩১ আগস্ট) তারা আত্মসমর্পণ করে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন রয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, সুন্দরবনের ওপর নির্ভর করে জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ হাজারো মানুষ জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড তাদের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

এ পরিস্থিতিতে সুন্দরবনকেন্দ্রিক অপরাধ দমনে র‍্যাব-৬সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়। ধারাবাহিক অভিযান ও তৎপরতার পাশাপাশি সুন্দরবনের প্রতিকূল পরিবেশ এবং দস্যু জীবনের অনিশ্চয়তায় বিভিন্ন বাহিনীর সদস্যদের মধ্যে অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ তৈরি হয়।

এরই ধারাবাহিকতায় চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য আত্মসমর্পণ করে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে সুন্দরবনকেন্দ্রিক অপরাধ কমার পাশাপাশি বনজীবীদের নিরাপত্তা আরও জোরদার হবে।

এই বিভাগের আরও সংবাদ