বাগেরহাট

সুন্দরবনে পৃথক দুটি অভিযান: অস্ত্র-গুলি ও জিম্মি ৫ জেলে উদ্ধার

সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং বনদস্যু সাত্তার বাহিনীর কাছে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার( ০৩ নভেম্বর) বিকাল ৫ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন বিসিজিএস তৌহিদ নির্বাহী কর্মকর্তা লেঃ মীর আকিব মোস্তাফিজ এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু সাত্তার বাহিনী সুন্দরবনের আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় কয়েকজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে আজ( ৩ নভেম্বর) ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা ও স্টেশন দোবেকী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল জিম্মিদের রেখে সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।পরবর্তীতে, ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১ টি ডিঙ্গি নৌকায় ৪ টি দেশীয় ওয়ান শুটার, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং ডাকাতদলের কাছে জিম্মি থাকা পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

অন্যদিকে পৃথক গোপন সংবাদের ভিত্তিতে একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের কুমড়োখালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে সংক্রান্ত তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে আজ ৩ নভেম্বর সকাল ১১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও কোস্ট গার্ড স্টেশন নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৪ টি একনলা বন্দুক, ১ টি ০.২২ ক্যালিবার বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৫২ রাউন্ড ০.২২ ক্যালিবার বন্দুকের গোলা ও ২ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।উদ্ধারকৃত জেলে জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭) খুলনার কয়রা থানার বাসিন্দা।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ