বাগেরহাট

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

সুমন,স্টাফ রিপোর্টারঃসুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও এর সঙ্গে জড়িত বিষ বিক্রেতাসহ এ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন মোঃ সোহেল শেখ (৩৬), তাঁর স্ত্রী লাইজু বেগম (৩২) ও বিষ বিক্রেতা মোঃ সেলিম মিয়া (৫২)। তাঁদের মধ্যে সোহেল ও লাইজুর বিরুদ্ধে বন বিভাগের টহল দলের ওপর হামলার অভিযোগ রয়েছে বলে আজ রবিবার(০৮ নভেম্বর) দুপুরে মোংলা থানা অফিসার ইনচার্জ(ওসি)আতিকুর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানায়, গেলো ২রা নভেম্বর সুন্দরবনের ছোট জোংড়া খালে জোংড়া বন টহল ফাঁড়ির বনরহ্মিরা টহল প্রদানকালে খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে একটি নৌকা জব্দ করতে যান। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন তাঁদের ওপর তেড়ে আসে একপর্যায়ে হামলা চালায়। এতে ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান ও নৌকার চালক মোঃ এরশাদ আলী আহত হন।

ঘটনায় ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান বাদী হয়ে সোহেল শেখ (৩৬), তাঁর স্ত্রী লাইজু বেগম (৩২),ইউনুস আলী (৩৮) ও নূপুর খী (৩০)র নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে দাকোপ থানায় মামলা করেন। এদের সবার বাড়ি মোংলার জয়মনি এলাকায়।

শনিবার ০৭ নভেম্বর রাতে মোংলা থানা ও দাকোপ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জয়মনি এলাকা থেকে সোহেল ও লাইজুকে আটক করে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা মোংলা বাজারের সার ও কীটনাশক বিক্রেতা সেলিম মিয়ার দোকান থেকে মাছ শিকারের বিষ কেনে বলেন। পরে একই রাতে মোংলা থানা পুলিশ সেলিম মিয়াকেও আটক করে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আজ রবিবার( ৮ নভেম্বর) দুপুরে আটকৃত তিনজনকে আদালতে প্রেরন করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ