কটিয়াদীতে নানা আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’ শুভ উদ্বোধন


সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার। কটিয়াদী নজরুল একাডেমির সহসভাপতি সাজেদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর এবং কটিয়াদী নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খোকন।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম এবং বাংলা সংগীতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, নজরুলের বিদ্রোহী চেতনা ও সাম্যের বাণী আজও আমাদের সমাজ বিনির্মাণে সমানভাবে অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মাঝে কবির আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



