গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কটিয়াদীতে জামায়াতের গণমিছিল


সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় কটিয়াদী কলামহল দরগা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোচ্চার স্লোগান দেন। পরে বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি এবং সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল এবং আসন্ন কটিয়াদী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আফজাল হোসেন জুয়েল।
সমাবেশে বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান। তা না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, জনগণের চাওয়া-পাওয়ার প্রতি সম্মান না দেখালে বর্তমান সরকারকেও বিগত আওয়ামী লীগ সরকারের মতো পরিণতির মুখোমুখি হতে হবে।



