কিশোরগঞ্জ

কটিয়াদীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

সোহাগ মিয়া, ​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (০৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

​উপজেলা বিআরডিবি কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. জহর লাল সাহা, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক ও মিজানুর রহমান স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসানসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও শহীদদের আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত জুলাই যোদ্ধাদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ