মুচলেকা নিয়ে বৈছাআ নেতা মাহদীসহ ৩ জনের মুক্তি


মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ২টায় মুচলেকা নিয়ে তাদের সদর মডেল থানা পুলিশের হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়। অন্য দুজন হলেন মির্জা সুমন ও মো. রাকিব।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। তাই বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। এরপর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
থানা থেকে মুক্তি পাওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসান বলেন, শহরে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ তাদের পিকআপ ভ্যানে তুলে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন মাহদী হাসান ও তার সহযোগীরা। এর আগে বিক্ষোভ মিছিলের জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি। এরপরও তারা প্রশাসনের বাধা উপেক্ষা করে কোর্ট মসজিদ এলাকায় জড়ো হন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের হেফাজতে নেয়।



