হবিগঞ্জ

হবিগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

ধান কাটার সময় হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের হাওরের দক্ষিণের ঝিলেরবন্দ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (৪২) ও একই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের আব্দুল্লাহিল কাফি ওরফে কাফিল উদ্দিন (২২)। তারা সম্পর্কে চাচা ভাতিজা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ধান কাটার জন্য সম্প্রতি কয়েকজন শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের মুন্সিহাটির বাসিন্দা আসমত মিয়ার বাড়িতে আসেন। সকালে শিবপাশা ইউনিয়নের দক্ষিণের ঝিলেরবন্দ হাওরে ধান কাটতে যান তারা। বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কাফিল উদ্দিন হাওড়ে বজ্রাঘাত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাছান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মনিরুল ও কপিলের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ